চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ ভোরের ওই দুর্ঘটনায় নিহতরা হলেন রাকিব ও তুষার।

দুই শ্রমিকের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে ভাংচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানায়, চায়না হাইড্রো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। গত রাতে খননকাজ চলাকালে হঠাৎ করে একটি গর্ত ধসে পড়ে, এতে সেখানে কাজ করা চার শ্রমিক মাটিচাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় শ্রমিকদের উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।