দিনাজপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কহিনূর বেগম (২৭), কোলে ছিল দেড় মাসের মেয়ে রিশাদ কাইফ। পথে ইজিবাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় কোলে থাকা মেয়েসহ মহাসড়কের ওপর পড়ে যান কহিনূর। পেছন থেকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা দুজন। আহত হন কহিনূরের স্বামী। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গতকাল বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কহিনূর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তিনি হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ছিলেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম: লোহাগাড়ায় ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে জিহাদ (১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের ছেলে রাকিব ইসলাম (২০)।

নিহতদের বন্ধু ইউসুফ বলেন, ‘আমরা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে রাঙ্গামাটির সাজেকে যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পেছনে আসা জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ পাওয়া যায়। পেছনে তাকিয়ে দেখি, একটি ডাম্প ট্রাক তাদের চাপা দিয়ে চলে যাচ্ছে। ঘটনাস্থলে তারা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

গোপালগঞ্জ: স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ইসমাইল হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। গতকাল দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।

ওসি মো. রকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদারসহ কয়েকজন অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে যাচ্ছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সটি জোয়ারিয়া এলাকায় পৌঁছলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার ও আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কচাকাটা থানা আওতাধীন বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বক্কর বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে। কচাকাটা থানার এসআই মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে শাহেদুল ইসলাম অনিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু আবু সাঈদ (২৩)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগানবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। নিহত অনিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাকের ছেলে। আহত আবু সাঈদ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।