ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘ড্রামা কার্নিভাল ২.০’-তে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত ২০ আগস্ট ইউএপির ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেয়।
ইউএপি নাট্য ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি মলয় ভৌমিকের রচনা অবলম্বনে ও দেবদ্যুতি আইচের নির্দেশনায় নির্মিত ‘গরু’ নাটক নিয়ে চ্যাম্পিয়ন হয়। দলটির নেতৃত্বে ছিলেন জারিন সুবাহ সারা মনি।
‘পদ্মাবতী’ নাটকের জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রথম রানার-আপ এবং ‘রেইনকোট’ নাটকের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব দ্বিতীয় রানার-আপ হয়েছে।
‘গরু’ নাটকে অভিনয়ের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ব্রিন্তা রায় মিশমি ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কার পেয়েছেন।
নাটকটির পরিচালক দেবদ্যুতি আইচ জানান, জাতীয়তা, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে বিশ্বজুড়ে মানুষ বিভক্ত। যেসব বিষয় মানুষের সৌন্দর্য ও শক্তির উৎস হতে পারত, সেগুলোই অনেক সময় অবিশ্বাস ও সংঘাতের কারণ হয়ে ওঠে। ক্ষমতাবানরা নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে প্রজন্মের পর প্রজন্ম এসব বিভাজনকে কাজে লাগিয়েছে। এতে মানুষের অভিন্ন মানবিক পরিচয় আড়ালে পড়ে গেছে।
‘গরু’ নাটকে এই বাস্তবতাই তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। পরিকল্পিত বিভাজন কীভাবে মানুষকে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, নাটকটি তা তুলে ধরে। একইসঙ্গে সব বিভেদের আড়ালে থাকা মানুষের মৌলিক মানবিক সত্তার কথাও মনে করিয়ে দেয়।
দলের নেতা জারিন সুবাহ সারা মনি জানান, নাটকটির মাধ্যমে সহজেই কীভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যায় এবং নীরবতা কীভাবে সেই উত্তেজনা বাড়তে দেয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, নাটক যতটা গুরুত্ব পাওয়ার দাবি রাখে, ততটা গুরুত্ব দেয়া হয় না। সংগীত ও চলচ্চিত্রের মতো অন্যান্য শিল্পমাধ্যমও মানুষের আবেগে প্রভাব ফেলে। তবে সামাজিক নানা বিষয় তুলে ধরার ক্ষেত্রে নাটকের ভূমিকা আলাদা।
নাটক সত্যকে সরাসরি দর্শকের সামনে তুলে ধরে। এখানে কোনো পর্দা থাকে না, যার আড়ালে লুকানো যায়। তাই দর্শকের সহজে চোখ ফিরিয়ে নেয়ার সুযোগও কম থাকে এবং অনুভূতিও হয় আরও তীব্র। এ কারণে নাট্যচর্চাকে লালন ও সমর্থন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
যেসব বিষয় নিয়ে মানুষ কথা বলতে চায় না, সেগুলো নিয়ে কথা বলার সবচেয়ে সৎ মাধ্যমগুলোর একটি নাটক বলেও উল্লেখ করেন জারিন সুবাহ সারা মনি।— সংবাদ বিজ্ঞপ্তি










