অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সব মহলে সচেতনতা বাড়াতে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৪। অগ্নিঝুঁকি কমিয়ে দেশে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে এ প্রদর্শনীর আয়োজন করেছে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ প্রদর্শনীর ঘোষণা দেন ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি।
তিনি বলেন, ‘দেশের অর্থনীতির আকার দিন দিন অনেক বাড়ছে, সঙ্গে ব্যাপকভাবে বাড়ছে অবকাঠামোগত উন্নয়ন। অর্থনীতির আকার যত বড় হচ্ছে, অগ্নিঝুঁকির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে ফায়ার অ্যান্ড সিকিউরিটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অগ্নিঝুঁকি এড়াতে এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিতে অগ্নি সুরক্ষার আধুনিক যন্ত্রপাতি সবার কাছে পৌঁছে দেয়ার প্রয়াস নিয়ে এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।’
ইসাব সভাপতি জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান। এ প্রদর্শনীতে বিশ্বের ৩০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান নিজেদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্য প্রদর্শন করবে।
এ বছরের এক্সপোতে ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিশেষ গুরুত্ব পাচ্ছে উল্লেখ করে সভাপতি বলেন, ‘বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন ও শিল্প-কারখানা—এ তিন ক্যাটাগরিতে যারা যথাযথ নিয়মনীতি মেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন, তাদেরকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে।’
এছাড়া অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখার জন্য ফায়ার ফাইটারদের পরিবারকেও এবার ইসাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হবে বলে জানান সংগঠনটির সভাপতি।










