শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালীবের সম্পাদনায় ‘রিইমাজিনিং দ্য ইউনিভার্সিটি: বেস্ট প্র্যাকটিসেস ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ডিএমকে লেকচার গ্যালারিতে আইইউবি লাইব্রেরি এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) কর্তৃক প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থটির চারটি অধ্যায়ে স্থান পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষাবিদের প্রবন্ধ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গ্রন্থটির সম্পাদক ও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদ আন্দালীব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, বিএসপিইউএর সভাপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, বিএসপিইউএর সহসভাপতি (রিসার্স অ্যান্ড ইনোভেশন) ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।

এছাড়া বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সঞ্চালনায় ছিলেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জেরিন মমতাজ চৌধুরী।