দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে, ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ৩৮ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।
সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রৌপ্যের দামও। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৬ হাজার ২৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রৌপ্য ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৮৪৯ টাকা।















