জ্বালানির ওপর ৫০ শতাংশ পরিবেশ কর কমানোর পরিকল্পনা ভিয়েতনামের। সম্প্রতি দেশটির জাতীয় সংসদে এ প্রস্তাব অনুমোদিত হয়। খবর নিক্কেই এশিয়া।
বিশ্ববাজারে জ্বালানির মূল্য অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এতে মূল্যস্ফীতির হারও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর মধ্যে জ্বালানির ওপর ৫০ শতাংশ কর কমানোর উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। চলতি বছরের ১১ জুলাই থেকে শুরু করে বছরের শেষ নাগাদ এ নিয়ম বহাল থাকবে।
এ বছর মূল্যস্ফীতির হার ৪ শতাংশের নিচে রাখার লক্ষ্য নিয়েছে ভিয়েতনাম। গত মাসে দেশটির ভোক্তা মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। এদিকে গ্যাস ও ডিজেল জ্বালানির ওপর পরিবেশ কর যথাক্রমে লিটারপ্রতি ১ হাজার ডং ও লিটারপ্রতি ৫০০ ডং ধার্য করা হয়েছে।









