বিশ্বের বৃহত্তম বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি নির্মাতা হিসেবে পরিচিত চীনের কনটেমপোরারি অ্যামপেরেক্স টেকনোলজি (সিএটিএল)। সম্প্রতি ইউরোপে তৃতীয় ইভি ব্যাটারি তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল নিউজ।
সিএটিএলের ইউরোপ অঞ্চলের প্রেসিডেন্ট ম্যাথিয়াস জেন্টগ্রাফ বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। প্রতিষ্ঠানটি ১০০ গিগাওয়াট ঘণ্টার ইভি ব্যাটারি কারখানা তৈরির পরিকল্পনা করছে। এ কারখানার মাধ্যমে ফক্সওয়াগন, বিএমডব্লিউ ও স্টেলান্টিস ব্র্যান্ডের গাড়ির ব্যাটারি সরবরাহ করা হবে। পরিকল্পনা চূড়ান্ত হলে আগামী পাঁচ বছরের মধ্যে কারখানাটি প্রস্তুত করা হবে।
গত মাসে মার্সিডিজ বেঞ্জ গ্রুপের অংশীদারত্বের অংশ হিসেবে ফুজিয়ানভিত্তিক প্রতিষ্ঠান নিংডে ইউরোপে ইভি ব্যাটারির দ্বিতীয় কারখানা স্থাপনের ঘোষণা দেয়। সংস্থাটি হাঙ্গেরিতে ৭৩০ কোটি পাউন্ড (৭২০ কোটি ডলার) বিনিয়োগে এ কারখানা স্থাপন করবে।
জার্মানির হ্যানোভারে আইএএ ট্রান্সপোর্ট সম্মেলন থেকে এক ভিডিও কলে ম্যাথিয়াস জেন্টগ্রাফ বলেন, ইভি ব্যাটারির চাহিদা পর্যাপ্ত না থাকলে আমরা তৃতীয় কারখানা স্থাপন করব না। তবে সিএটিএল জার্মানির বার্লিনে টেসলার নতুন গাড়ি উৎপাদন কারখানায় ব্যাটারি সরবরাহ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি উৎপাদক এলজি এনার্জি সলিউশনসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের ওপর কর্তৃত্ব বজায় রেখেছে চীনা ইভি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল। এরই মধ্যে প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথমার্ধে আয়ের পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে। বছরের প্রথম ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় সংস্থাটির মুনাফা ৮২ শতাংশ বেড়েছে। একই সময়ে আয়ও ১৫৬ শতাংশ বেড়েছে।
চীনে কয়েকটি কারখানার পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপে কিছু সহায়ক কারখানাও স্থাপন করেছে সিএটিএল। সংস্থাটি চীনের শানডং ও ফুজিয়ান প্রদেশে দুটি ব্যাটারি উৎপাদন প্রকল্পে ২ হাজার ৭০০ কোটি ইউয়ান (৩৮০ কোটি ডলার) বিনিয়োগ করেছে।
সিএটিএল চলতি বছরের শেষ দিকে জার্মানির এরফুর্ট শহরে প্রথম ইউরোপীয় কারখানায় ইভি ব্যাটারির উৎপাদন শুরু করবে। তবে এ মহাদেশে কারখানাটি চালু রাখতে জ্বালানি সংকট বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে গ্যাসের দাম বৃদ্ধিও এ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যুদ্ধের আগে জার্মানি তার মোট গ্যাসের অর্ধেকের বেশিই রাশিয়া থেকে সরবরাহ করত।
ম্যাথিয়াস জেন্টগ্রাফ বলেন, প্রাকৃতিক গ্যাসের সংকট আমাদের উৎপাদন ব্যাহত করছে। ইভি ব্যাটারি উৎপাদনে এটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অনেক জ্বালানির প্রয়োজন রয়েছে। গ্যাসের সরবরাহ কম হলে বা দাম বেশি হলে শীতকালে কারখানাটি সচল রাখা কঠিন হয়ে পড়বে।










