মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন আহমেদ শাহীন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে (ইবিএল) এএমডি পদে দায়িত্ব পালন করেন। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংক খাতে আহমেদ শাহীনের ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞ রয়েছে। তিনি ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে আহমেদ শাহীন আন্তর্জাতিক ব্যাংকিং, করপোরেট রিলেশনশিপ ও স্ট্রাকচারড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আহমেদ শাহীন যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) হিসেবে সনদপ্রাপ্ত। এছাড়া তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’-এর সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েট।
আহমেদ শাহীন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের ব্যাংকিং কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংক খাতে, বিশেষত ট্রেড ফাইন্যান্সে কার্যকর পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।









