বিশ্বজুড়ে দূরবর্তী স্থানে বসে কাজ বা ‘রিমোট জব’-এর বাজারে প্রতিযোগিতা এখন সবচেয়ে তীব্র মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। অর্থসেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেমিটলির সাম্প্রতিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

গবেষণা অনুযায়ী, কাতারে রিমোট জবে একটি পদের বিপরীতে গড়ে ৯৮৩ চাকরিপ্রার্থী আবেদন করেন। প্রতি পদের বিপরীতে বিপুলসংখ্যক প্রার্থীর উপস্থিতির কারণে প্রতিযোগিতা সূচকে দেশটি বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। রিমোট জবস ইনডেক্স শীর্ষক এ গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের দূরবর্তী কাজের সুযোগ ও প্রতিযোগিতার চিত্র তুলে ধরা হয়।

গবেষণার তথ্য পর্যালোচনায় পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রায় ৭৮ লাখ চাকরির বিজ্ঞপ্তি বিশ্লেষণ করেছে রেমিটলি। তালিকায় কাতারের পরই রয়েছে ভারতের অবস্থান। ভারতে রিমোট কাজের প্রতিটি পদের বিপরীতে গড়ে ৯৬৪ চাকরিপ্রার্থী প্রতিযোগিতা করছেন। ই-সূচকে ৯০৫ জন প্রার্থী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

রেমিটলির এ পরিসংখ্যান কেবল লিংকডইনে প্রকাশিত নির্দিষ্ট সময়কালের বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে তৈরি। ২০২৬ সালের মে মাসে লিংকডইনে পোস্ট করা চাকরির বিজ্ঞপ্তি, কাজের ধরন ও অভিজ্ঞতাভিত্তিক ফিল্টার ব্যবহার করে এ তথ্য সংগ্রহ করা হয়।

সংস্থাটি জানায়, এটি পুরো কাতারের সামগ্রিক শ্রমবাজারের চিত্র নয়। তবে এর মাধ্যমে রিমোট জবের বৈশ্বিক প্রতিযোগিতার বড় একটি চিত্র ফুটে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, দূরবর্তী চাকরির ক্ষেত্রে প্রার্থীরা ভৌগোলিক সীমাবদ্ধতা পেরিয়ে আবেদন করার সুযোগ পান। ফলে আবেদনকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। পেশাজীবীদের জন্য এখন কেবল কতগুলো পদ খালি আছে তা জানাই যথেষ্ট নয়, সেগুলোর বিপরীতে প্রতিযোগিতার ধরন কেমন তাও বিবেচনায় রাখা জরুরি।