বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ১২ জন গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের ২০২৬ সালের তালিকাটি সম্প্রতি প্রকাশিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালিকায় স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. গোলাম রাসুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শুভাশ চন্দ্র পাল, রসায়ন বিভাগের অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. মো. হারুন উর রশিদ এবং কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. নাজিরুল ইসলাম সরকার। এছাড়া রয়েছেন কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাঈম হোসেন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শওকাত হোসেন।
তালিকায় স্থান পাওয়া অন্য গবেষকরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলামিন তালুকদার, কলেজ অব নার্সিংয়ের মোস্তাক করিম খান রনি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাহমুদ জোবায়ের ও মো. মোবারক হোসেন।
এ অর্জনে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস গবেষকদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। রাজধানীর উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম পরিচালিত হয়।










