চলতি বছরের এপ্রিল-অক্টোবরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৫ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার ভারতের পার্লামেন্টে উত্থাপিত প্রশ্নের জবাবে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গয়াল জানান, এপ্রিল-অক্টোবরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ১৫০ কোটি ডলার।

রাজ্যসভায় পাঠানো লিখিত উত্তরে পিয়ূষ গয়াল জানান, ২০২১-২২ অর্থবছরে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৩৩১ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৪ হাজার ৪০৩ কোটি ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, চলতি অর্থবছরের এপ্রিল-অক্টোবরে ভারতের আমদানি হয়েছে ৬ হাজার ২৭ কোটি ডলার। এ সময়ে চীনে ভারতের রফতানি হয়েছে ৮৭৭ কোটি ডলার।

পিয়ূষ গয়াল বলেন, ২০২১-২২ অর্থবছরে চীনে ভারতের মার্চেন্ডাইজ রফতানি হয়েছে ২ হাজার ১২৬ কোটি ডলার। ২০১৪-১৫ অর্থবছরে যা ছিল ১ হাজার ১৯৩ কোটি ডলার। ছয় বছরের ব্যবধানে ভারতের মার্চেন্ডাইজ রফতানি ৭৮ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এদিকে ২০২১-২২ অর্থবছরে চীন থেকে ভারতের আমদানি হয়েছে ৯ হাজার ৪৫৭ কোটি ডলার। ২০১৪-১৫ অর্থবছরে যেখানে আমদানি হয়েছে ৬ হাজার ৪১ কোটি ডলারের পণ্য।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী আরো জানান, ২০০৪-০৫ অর্থবছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল মাত্র ১৪৮ কোটি ডলার। ২০১৩-১৪ অর্থবছরে তা ২ হাজার ৩৪৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৬২১ কোটি ডলারে দাঁড়ায়।