দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ জোরদার এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০২৬। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ মেলা শুরু হবে আগামীকাল, চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
গতকাল রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন ও হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে মেলার আয়োজন করছে। এবারের আয়োজনে থাকছে ৮০০টিরও বেশি স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদসহ অন্যরা।










