পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ ২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৮৬ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমি নিবন্ধনের জন্য কোম্পানির ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা খরচ হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্যানুসারে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ললাটিতে অবস্থিত বিস্কুট ও কনফেকশনারি ইউনিটের সঙ্গে এ জমি সংযুক্ত রয়েছে। কোম্পানির ব্যবসা সম্প্রসারণে এ জমি কেনা হচ্ছে।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬১ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬০ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটিরএনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।










