চলতি বছর শেষে সৌদি আরবের মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে। এবং আগামী বছর শেষে জিডিপি ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পাবে। একই সঙ্গে ২০২২ সাল শেষে মূল্যস্ফীতি ২ দশমিক ৬ শতাংশে এবং আগামী বছর ২ দশমিক ১ শতাংশে দাঁড়াবে। রিয়াদভিত্তিক আর্থিক পরিষেবা দানকারী প্রতিষ্ঠান আল রাজি ক্যাপিটালের প্রাক্কলনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজ।

আল রাজি ক্যাপিটালের গবেষণা প্রধান মাজেন আল সুদাইরি বলেন, ২০২৩ সালে সৌদি আরবের জ্বালানিসহ রাজস্ব ৭৫ হাজার ৪০০ কোটি সৌদি রিয়াল বা ২০ হাজার ৭০ কোটি ডলার। এছাড়া জ্বালানিবহির্ভূত রাজস্ব ৪১ হাজার ৭০০ কোটি সৌদি রিয়ালে পৌঁছতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সংশোধিত বাজেটের রাজস্ব অংশ বেশির ভাগই পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ব্যয়ের অংশ আগের তুলনায় অনেক বেশি হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক বাজেট বিবৃতিতে বলা হয়, আগামী বছরের বাজেটে রাজস্বসহ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার সৌদি রিয়াল। এর মাধ্যমে আগামী বাজেটে ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৮ শতাংশ।

এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজেট উদ্বৃত্তের পরিমাণ ৭ হাজার ৮০০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে। গত বছর একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।