গার্মেন্ট মেশিনারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী তৈরি পোশাক শিল্পপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘জিটিবি ২০২৪’। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতকে আরো প্রযুক্তিনির্ভর করতে গ্যাপেক্সপোর সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীটিতে তুলে ধরা হয় গার্মেন্ট অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য। প্রদর্শিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। মেলায় গার্মেন্টস সেক্টরের বিভিন্ন নতুন নতুন সরঞ্জাম ও কাঁচামাল নিয়ে হাজির হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান।
এবারের মেলায় অংশ নিয়েছে ২০টি দেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠান। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি।
রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল এ প্রদর্শনী শুরু হয়। শেষ হবে ১৪ জানুয়ারি। এ প্রদর্শনী দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্য প্রদর্শনীর মধ্যে এটি অন্যতম।
মেলায় গার্মেন্টস শিল্পের বাহারি রঙের সুতা, বোতাম, জল ছাপার সামগ্রী ও মেশিনের প্রদর্শনী হচ্ছে। রয়েছে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কজাত সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম ও স্প্রেডিং যন্ত্র। বর্তমানে বাংলাদেশে বোতাম, ইলাস্টিক, ইন্টারলাইনিং, মোটিফ, পকেটিং ফ্যাব্রিক, লাইনিং, ইন্টারলাইনিং ইলাস্টিক, কর্ডের মতো বিভিন্ন শৈলী এবং ডিজাইনের জিনিসপত্র তৈরি করে। এসব পণ্য এর আগে চীন, হংকং, কোরিয়া থেকে আমদানি করতে হতো।
দেশের আরএমজি খাতের সোর্সিং চাহিদা পূরণে বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে একই ছাদের নিচে গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশের ২১তম এবং জিএপিএক্সপোর ১৩তম সংস্করণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বিজিএপিএমইএর অ্যাডমিনিস্ট্রেটর মো. মশিউর রহমান।









