উড়োজাহাজ সরবরাহ ঊর্ধ্বমুখী থাকলেও নতুন ক্রয়াদেশ কমেছে বোয়িংয়ের। নভেম্বরে
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি ৪৮টি জেট সরবরাহ করেছে। তবে এ সময়ে
সংস্থাটির নতুন ক্রয়াদেশ ২১টিতে নেমেছে। এর মধ্যে রয়েছে ১৮টি ৭৩৭ ম্যাক্স ও তিনটি
৭৬৭ মডেলের উড়োজাহাজ। খবর রয়টার্স।
অক্টোবরে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা ছিল ৩৫। বোয়িংয়ের
বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্ট্যান ডিল গত মাসে বলেছিলেন, অক্টোবরে ৭৩৭ ম্যাক্স সরবরাহ ঘাটতির কারণ ছিল এর
মানসংক্রান্ত ত্রুটি। উড়োজাহাজের বাহ্যিক কাঠামোতে দুটি বিচ্যুতি ধরা পড়ে। ফলে
সরবরাহ পিছিয়ে দেয়া হয়।
উত্পাদন ও মানসংক্রান্ত বিষয়টি ঘিরে বেশকিছু দিন ধরেই বোয়িং বড় ধরনের সমস্যার
মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে গুণগত মান বজায় রাখতে না পারার জের ধরে প্রায় ১৫ মাস
ম্যাক্স ৭৮৭-এর সরবরাহ আটকে ছিল।
পরবর্তী সময়ে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন
অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংয়ের পরিদর্শন ও পরিবর্তন পরিকল্পনা অনুমোদনের ভিত্তিতে
পুনরায় এর সরবরাহের অনুমতি দেয়।
তবে অক্টোবরে ১২২টি নতুন ক্রয়াদেশ প্রাপ্তির পর নভেম্বরে তা সংকুচিত হয়।
অক্টোবরে সংস্থাটি ১০৬টি ৭৩৭ ম্যাক্স ও ১০টি ৭৮৭ ড্রিমলাইনারের ক্রয়াদেশ পেয়েছিল।
এদিকে নভেম্বরে সাউথওয়েস্ট এয়ারলাইনসকে ১০টি ও ইউনাইটেডকে পাঁচটি ৭৩৭ ম্যাক্স
সরবরাহ করেছে বোয়িং। ইউনাইটেডের কাছ থেকে প্রাপ্ত নতুন ১০০টি ৭৮৭ ড্রিমলাইনার এবং
১০০টি ৭৩৭ ম্যাক্সের ক্রয়াদেশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বোয়িংয়ের দক্ষিণ
ক্যারোলাইনার কারখানায় বিশেষ আয়োজন করা হয়। তবে ৭৩৭ ম্যাক্স৭ এবং ম্যাক্স ১০ মডেল
দুটির সরবরাহ ঘিরে এখনো স্বাভাবিক অবস্থায় আসতে পারেনি বোয়িং। তাছাড়া ৭৩৭
ম্যাক্সের দুটি বড় ধরনের দুর্ঘটনার পর কংগ্রেস থেকে নতুন নিরাপত্তা মানদণ্ড বিষয়ক
অনুমোদন জটিলতাও অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বরে ক্রয়াদেশের ৫২টি উড়োজাহাজের সরবরাহ বিলম্ব নভেম্বরের সরবরাহকে
প্রভাবিত করে। আবার সেপ্টেম্বরের সরবরাহ পেছায় জুনের উত্পাদন ধীরগতির কারণে।
নভেম্বরে সরবরাহের মধ্যে ৩২টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ২৩টি অক্টোবরে সরবরাহ করার কথা ছিল।
তবে সংখ্যাটি সেপ্টেম্বরে সরবরাহকৃত মোট উড়োজাহাজের চেয়ে কম।
এ প্রসঙ্গে স্ট্যান ডিল অবশ্য বলেন,
বোয়িং এ
পরিস্থিতি থেকে দ্রুতই বের হয়ে আসবে। এরই মধ্যে আমরা অবশ্য আমাদের উড়োজাহাজ
সরবরাহের পরিমাণ বাড়াতে পারি। বছরের শেষ নাগাদ আমরা সরবরাহ পুনরুদ্ধার করতে
মনোযোগী।
২০২২ সালের প্রথম ১১ মাসে বোয়িং মোট ৪১১টি উড়োজাহাজ সরবরাহ করে, যার মধ্যে ছিল ৩৩৩টি ৭৩৭ এবং ২১টি ৭৮৭। তবে নভেম্বর পর্যন্ত উড়োজাহাজের ক্রয়াদেশ বাতিলের সংখ্যা ৫৫০ থেকে ৫৭১টিতে উন্নীত হয়েছে। এছাড়া নির্মাণ সম্পন্ন হয়নি এমন বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যাও বেড়েছে।










