কভিডজনিত বিধিনিষেধ মেনে চলার জন্য কার্যক্রম সংকুচিত করার ঘোষণা দিয়েছে সাংহাই ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রিসোর্টটি জানিয়েছে, শনিবার (গতকাল) থেকে সক্ষমতা কমিয়ে দেয়া হবে। চীনজুড়ে কভিডজনিত নিষেধাজ্ঞা কঠোর করায় এ পদক্ষেপ নিয়েছে পার্কটি।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ীভাবে বিনোদন পার্কটিতে কর্মী সংখ্যা কমিয়ে আনা হবে। এ পদক্ষেপ নির্দিষ্ট জায়গা, রেস্তোরাঁ ও দোকান পরিচালনার ওপর প্রভাব ফেলবে। অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছে সাংহাই ডিজনিল্যান্ড। তবে ডিজনিল্যান্ড হোটেল, ডিজনিটাউন ও উইশিং স্টার পার্কের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
গতকালও চীনে হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা হাজারের ওপরে রয়েছে। এ সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম মনে হতে পারে। তবে জিরো কভিড নীতির আওতায় চীন কিছু সংক্রমণের ঘটনায়ও শহরজুড়ে লকডাউন আরোপ করে থাকে। বছরের শুরুতে নতুন কিছু সংক্রমণ শনাক্তের পর সাংহাইয়ে সম্পূর্ণ লকডাউন আরোপ করা হয়েছিল।










