যুদ্ধাবস্থা সত্ত্বেও চলতি বছরের এখন পর্যন্ত ৭ কোটি ৯২ লাখ টন খাদ্যশস্য ও তেলবীজ উৎপাদন করেছে ইউক্রেন। সম্প্রতি দেশটির কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যশস্য উৎপাদক ও রফতানিকারক। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে কৃষিসহ সামগ্রিক অর্থনীতিতে।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় ২০২৩ সালের কৃষিপণ্য উৎপাদনের তথ্য প্রকাশ করলেও আগের বছরের সঙ্গে তুলনামূলক কোনো পরিসংখ্যান জানায়নি। চলতি বছর মোট উৎপাদন ৮ কোটি ১৩ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, চলতি বছর উৎপাদিত ৭ কোটি ৯২ লাখ টন শস্যের মধ্যে ৫ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টন খাদ্যশস্য ও ২ কোটি ৭ লাখ ৬০ হাজার টন তেলবীজ। খাদ্যশস্যের মধ্যে কৃষক ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার টন গম, ৫৯ লাখ ১০ হাজার টন বার্লি ও ২ কোটি ৮১ লাখ ৫০ হাজার টন ভুট্টা উৎপাদন করেছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালে ইউক্রেনে ৪০ লাখ টন সরিষা, ৪৮ লাখ টন সয়াবিন ও প্রায় ১ কোটি ২০ লাখ টন সূর্যমুখী বীজ উৎপাদন হয়েছে।