আবারো পর্যটকদের ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিচ্ছে জাপান সরকার। ১১ অক্টোবর থেকে পর্যটকরা দেশটিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এ কারণে দেশটিতে পরিষেবা বৃদ্ধির জন্য ফ্লাইট সংখ্যা বাড়াবে দক্ষিণ কোরিয়ার প্রধান তিনটি এয়ারলাইনস। এশিয়ানা, বুসান ও জেজু এয়ারলাইনস চলতি মাসেই জাপানে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করবে। খবর মাইনিচি।

পরিকল্পনা অনুযায়ী জাপানে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইনসগুলো সপ্তাহে ফ্লাইটের সংখ্যা ৬০টিতে উন্নীত করবে। যেখানে বর্তমানে ২৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। ১১ অক্টোবর থেকে প্রতিদিন দেশটির রাজধানী সিউলের কাছে অবস্থিত ইনচিওন থেকে জাপানের নারিতা বিমানবন্দরে দুটি ফ্লাইটে পরিষেবা কার্যক্রম অব্যাহত রাখবে এয়ারলাইনসগুলো। পাশাপাশি ওসাকায় অবস্থিত কানসাই বিমানবন্দরেও একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ইনচিওন থেকে ফুকোওকা এবং সাপোরোর মধ্যে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইনসগুলোর দৈনিক ফ্লাইট পরিষেবা কার্যক্রম এবং শীতকালীন সময়সূচি ৩০ অক্টোবর থেকে শুরু হবে। একই সঙ্গে ইনচিওন থেকে নাগোইয়া এবং বুসান থেকে নারিতা বিমানবন্দরেও ফ্লাইট সংখ্যা বাড়িয়ে পরিষেবা বৃদ্ধি করবে এয়ারলাইনসগুলো।

এশিয়ানা এয়ারলাইনস সপ্তাহে ৩২টি ফ্লাইটে ইনচিওন থেকে জাপানের নারিতা, কানসাই, ফুকোওকা এবং নাগোইয়া বিমানবন্দরে পরিষেবা কার্যক্রম পরিচালনা করবে। বর্তমানে এ বিমানবন্দরগুলোয় ২২টি ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এয়ারলাইনসটি। এদিকে বুসান থেকে ফুকোওকা এবং বুসান থেকে কানসাই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়ার বুসান এয়ারলাইনস।

এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার স্বল্প ব্যয়ের এয়ারলাইনস জেজুও জাপানে পরিষেবা বৃদ্ধি করতে ফ্লাইট বাড়িয়েছে। চলতি মাসের শুরু থেকেই সংস্থাটি জাপানে সপ্তাহে ৭৭টি ফ্লাইট পরিচালনা করছে, যা আগে ১৬টির মাধ্যমে পরিচালিত হতো।