চট্টগ্রামে প্রথমবারের মতো চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আনুষ্ঠানিকভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট চালু করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নগরীর জামালখানে সিআইইউ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে টিচিং সাইটের উদ্বোধন ঘোষণা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকার চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং নিউ এরা ফ্যাশনস এমএফআরএস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ঝাং ওয়েনশেং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। তিনি বলেন, ‘সিআইইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জন্যও চীনা ভাষা ও সংস্কৃতি শেখার নতুন সুযোগ সৃষ্টি হলো।’

এ সময় সিআইইউ উপাচার্য জানান, শিগগিরই সিআইইউ ক্যাম্পাসে এইচএসকে টেস্ট সেন্টার চালু করা হবে। এ লক্ষ্যে একজন পূর্ণকালীন চীনা শিক্ষক এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

উল্লেখ্য, চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট চালুর উদ্যোগটি মূলত এনএসইউ ও সিআইইউর মধ্যকার এক অনন্য সহযোগিতার প্রতিফলন। এ অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে চীনের ইউনান ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সিআইইউ কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জনের ধারাবাহিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।