বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন পরিচালনার রেকর্ড গড়ার দাবি করেছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি আল্পস পর্বতমালার সবচেয়ে দর্শনীয় ট্র্যাকগুলোর একটিতে ট্রেনটি চলাচল করেছে। সুইস রিসিয়ান রেলওয়ে কোম্পানি ১০০টি কোচের মাধ্যমে ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ট্রেন পরিচালনা করেছে। প্রিডা থেকে বারগুয়েন পর্যন্ত আলবুলা-বার্নিনা রুটে ট্রেনটি চলাচল করে। রুটটি ২০০৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে মনোনীত হয়েছিল। ট্রেনটি পথে ২২টি টানেল, কয়েকটি পাহাড়ের মধ্য দিয়ে এবং বাঁকা ল্যান্ডওয়াসার ভায়াডাক্টসহ ৪৮টি সেতু অতিক্রম করে। পুরো যাত্রায় ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। আল্পস পর্বতমালার মধ্য দিয়ে ট্রেনটির প্রায় ২৫ কিলোমিটার যাত্রাপথে উৎসাহী জনগণ উপত্যকায় ভিড় জমিয়েছিলেন। রিসিয়ান রেলওয়ের পরিচালক রিনাতে ফ্যাসিয়াটি বলেন, সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ারিং অর্জন তুলে ধরতেই আমরা বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন যাত্রার আয়োজন করেছিলাম। এর মাধ্যমে আমরা ফেডারেল সুইস রেলওয়ের ১৭৫ বছরপূর্তি উদযাপন করেছি। উল্লেখ্য, সুইস রিসিয়ান সুইজারল্যান্ডের বেসরকারি রেলওয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম। এপি