প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, একটি দেশের বিদেশী বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার নির্ভর করে দেশটির অনুকূল পরিবেশ ও রুল অব ল (আইনের শাসন) বাস্তবায়নের ওপর। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিয়ম সভায় তিনি এ মন্তব্য করেন।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। মতবিনিময় সভায় সিআইডির সব কার্যক্রমের ওপর একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। সেখানে বর্তমান সিআইডি প্রধানের নেয়া প্রসিকিউশন সেল, সাইবার মনিটরিং সেল, মিডিয়া অ্যানালাইসিস সেন্টার, রেকর্ড ও আর্কাইভ শাখা, মানব পাচার মনিটরিং সেল গঠন এবং সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার পুলিশ সেন্টার, অর্গানাইজড ক্রাইম, ডিএনএ, ফরেনসিক ল্যাবসহ সব শাখার কার্যক্রম ও সফলতার বর্ণনা সংক্ষেপে প্রদর্শিত হয়।

সভায় সিআইডি প্রধান বলেন, ‘সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম, স্বর্ণ চোরাচালান, মানব পাচার ও মাদকের বিরুদ্ধে সিআইডির অভিযান অব্যাহত আছে। সিআইডি একমাত্র প্রতিষ্ঠান, যাদের কার্যক্রম মাদকের খুচরা বিক্রেতা, গ্রহীতা ও বাহকের গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ নয়। গডফাদারদের শনাক্ত করে সম্পৃক্ত অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা ও তাদের অবৈধ সম্পদ ক্রোক করছে সিআইডি। স্মার্ট পুলিশ বিনির্মাণে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদস্যদের পেশাদারি দক্ষতা বৃদ্ধিতে সিআইডি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ ও লজিস্টিক্স সরবরাহের ক্ষেত্রে সালমান এফ রহমানের সহযোগিতা কামনা করেন তিনি।