বিদ্যুচ্চালিত গাড়িতে মনোযোগের কারণে প্লাগ-ইন হাইব্রিড গাড়ি উৎপাদন বন্ধ করে দিচ্ছে সুবারু। এ উদ্যোগের ফলে নবায়নযোগ্য শক্তিনির্ভর গাড়ি উৎপাদন খরচ হ্রাস পাবে। খবর নিক্কেই এশিয়া।

ইভিতে মনোযোগের পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড বিক্রি কমে যাওয়াও ভূমিকা রেখেছে সুবারুর এ ধরনের গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্তে। এসঅ্যান্ডপি গ্লোবালের জরিপ অনুযায়ী, বৈশ্বিক মার্কেটে ২ শতাংশ শেয়ার ছিল প্লাগ-ইন হাইব্রিডের। প্লাগ-ইন হাইব্রিড হলো এমন গাড়ি, যার ব্যাটারি কোনো আউটলেট থেকে রিচার্জ করে নেয়া যায়। ৮০ কিলোমিটার যাওয়ার পর এ গাড়ির ব্যাটারি নিঃশেষ হয়ে যায়। তখন গ্যাসোলিন ইঞ্জিন গাড়ির কার্যক্ষমতা চালু রাখে ও ব্যাটারিকে চার্জ করে নেয়। সুবারু ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে ক্রসট্রেক আর প্লাগ-ইন হাইব্রিড সংস্করণে পাওয়া যাবে না।

২০১৮ সাল থেকে সুবারু ক্রসট্রেকের প্লাগ-ইন সংস্করণ বিক্রি করছে ৩৬ হাজার ৮৪৫ ডলারে। অটো গবেষণা প্রতিষ্ঠান মার্কলাইনসের জরিপ অনুযায়ী, বিক্রির পরিমাণ সন্তোষজনক ছিল না। গত বছর যুক্তরাষ্ট্রে ২৬ হাজার বিক্রি হয়েছে, যা দেশে বিক্রির তুলনায় ১ শতাংশ কম। বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনের জন্য সুবারু আগামী পাঁচ বছরে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৭ সালে কোম্পানিটি উত্তর টোকিওর গুনমাতে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ কারখানা স্থাপন করবে।

বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনের জন্য কোটি কোটি ডলারের প্রয়োজন হয়, যা ছোটখাটো প্রতিষ্ঠানের জন্য রীতিমতো চ্যালেঞ্জ। তবে টয়োটার সঙ্গে অংশীদারত্বের সুযোগ নিতে চায় সুবারু। সেই সঙ্গে ব্যবহার করতে প্রস্তুত জাপানি প্রযুক্তি। ২০২৫ সালের মধ্যে কোম্পানিটি নতুন মডেলের গাড়ি বাজারে আনার প্রকল্প হাতে নিয়েছে। অন্যান্য অটোনির্মাতারা সুবারুর এ দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতার খরচ কমানোর দিকে মনোযোগ দিতে পারে।