সম্প্রতি ৬৫০ কোটি ডলারে আম্বুজা সিমেন্টস ও এসিস অধিগ্রহণ করে আদানি গ্রুপ। এ অধিগ্রহণ শেষে এর স্বত্বাধিকারী গৌতম আদানি জানান, শিগগিরই তাদের সিমেন্ট উৎপাদন সক্ষমতা দ্বিগুণ বাড়বে। এর মাধ্যমে ভারতের সবচেয়ে লাভজনক সিমেন্ট উৎপাদক কোম্পানিতে পরিণত হবে আদানি গ্রুপ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি দেশটির অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা গতিশীল হওয়ায় সিমেন্টের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সরকার দেশটিতে নতুন অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেয়ায় সিমেন্টের চাহিদায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত মাসে দেশটি সুইস কোম্পানি হোলসিমের দুটি কারখানার সিমেন্ট উৎপাদন সম্পন্ন করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় গৌতম আদানি জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ হলো ভারত। চীনের মাথাপিছু সিমেন্টের চাহিদা যেখানে ১ হাজার ৬০০ কেজি, সেখানে ভারতের চাহিদা মাত্র ২৫০ কেজি। এজন্য ভারতের সিমেন্টের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
দেশ যখন আবাসন ও অবকাঠামো নির্মাণে ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেখানে সিমেন্টের বাজার বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আদানি গ্রুপের বন্দর, লজিস্টিক ব্যবসা, গ্রিন এনার্জি ব্যবসা ও ই-কমার্স প্লাটফর্মেও এ লক্ষ্যে উন্নতি ঘটছে। আদানি গ্রুপ তার সিমেন্ট কারখানার কার্যক্ষমতা এত বৃদ্ধি করেছে যে সিমেন্টের উৎপাদন বর্তমানে সাত কোটি টন থেকে বৃদ্ধি পেয়ে আগামী পাঁচ বছরে ১৪ কোটি টন হবে বলে কোম্পানিটি আশা করছেন।










