দেশের চারটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকার্স ফোরাম বসুন্ধরা (বিএফবি)। রাজধানীর পূর্বাচল মডেল টাউনের ক্যাডেট কলেজ ক্লাবে গত শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত চার শীর্ষ নির্বাহী হলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রেফাত উল্লাহ খান, সিটিজেনস ব্যাংকের এমডি আলমগীর হোসেন, এসবিএসি ব্যাংকের এমডি এসএম মঈনুল কবীর ও কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত। একই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ আবদুল মোমেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এএমডি কেএম আওলাদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম রমিজুল ইসলামকেও সম্মাননা দেয়া হয়। ব্যাংক খাতে সাম্প্রতিক পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সাতজন নতুন নেতৃত্বকে সম্মাননা দেয়া হয় বলে বিএফবি থেকে জানানো হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল মূলত বিএফবির ‘মেম্বার্স ডে ২০২৬’ ও ‘ব্যাংকিং খাতের নতুন নেতৃত্ব সংবর্ধনা’র অংশ। এতে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ ব্যাংকার, এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংক সাবেক এমডি এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিএফবির বিদায়ী সভাপতি খন্দকার মোরশেদ মিল্লাত। এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন এবং নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক এ কে মজিবুর রহমান।

অনুষ্ঠানে বিএফবির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম ও ব্যাংক এশিয়ার সাবেক এমডি মো. আরফান আলী।