নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে যথাযথ আন্তঃসমন্বয় ও সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখার পরামর্শ দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। গতকাল ঢাকার একটি হোটেলে খসড়া জাতীয় লজিস্টিক নীতিমালার ওপর অনুষ্ঠিত এক আলোচনা সভায় এমন পরামর্শ উঠে আসে।
সংগঠনটি জানায়, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয়, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি, দ্রুত শুল্ক ছাড়পত্রের জন্য গ্রাহকবান্ধব নীতির বিকাশ, সমগ্র সরবরাহ শৃঙ্খলে যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা, লজিস্টিক সেক্টরে দক্ষ মানব সম্পদের প্রয়োজনীয়তা এবং একটি জাতীয় লজিস্টিক সূচক রাখার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। এতে যোগ দেন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ প্রমুখ।










