দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হচ্ছে আজ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, এবার দেশী-বিদেশী ৭৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ফ্রিল্যান্সার ও উদ্ভাবনে আগ্রহীরা অংশ নেবেন।’

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, ‘মিসইনফরমেশন ও ক্ষতিকর ন্যারেটিভ মোকাবেলায় মাল্টিপল ডিপার্টমেন্ট ও এজেন্সির সমন্বয়ে একটি হাই-পাওয়ার কমিটি কাজ করছে। ১৫ সদস্যের একটি টিম নিয়মিতভাবে মনিটরিং করছে। একই সঙ্গে আমাদের ২১ জন প্রকৌশলী ২৪ ঘণ্টা এ কাজে নিয়োজিত রয়েছেন।’

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান উপস্থিত ছিলেন।