দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে নতুন চারজনের নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে দুজন অধ্যাপক, একজন সাবেক সচিব ও একজন করপোরেট ব্যক্তিত্ব রয়েছেন। গতকাল বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকর কাছে পাঠানো হয়েছে।

ডিএসইর নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

বিএসইসির পক্ষ থেকে ডিএসইর নতুন গঠিত পর্ষদ পরিচালকদের বিধিমালা অনুসারে অবিলম্বে নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি) গঠন করতে পরামর্শ দেয়া হয়েছে। এ কমিটিকে বর্তমানে শূন্য থাকা ডিএসইর আরো দুজন স্বতন্ত্র পরিচালক পদের প্রতিটির বিপরীতে পেশাদার হিসাবরক্ষক, করপোরেট আইনজীবী, আর্থিক খাতের বিশেষজ্ঞ ও অর্থনৈতিক সাংবাদিকতায় অভিজ্ঞ প্রার্থীদের সমন্বয়ে ছয়জনের নাম প্রস্তাব করে বিএসইসির কাছে পাঠাতে বলা হয়েছে। এ তালিকা থেকে পরবর্তী সময়ে কমিশন থেকে এক্সচেঞ্জটির শূন্য থাকা দুই স্বতন্ত্র পরিচালকের পদ পূরণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বণিক বার্তাকে বলেন, ‘‌নতুন পর্ষদকে এনআরসি কমিটি গঠনের জন্য বিএসইসি থেকে বলা হয়েছে। আশা করছি সামনের সপ্তাহে পর্ষদ সভা আহ্বান করে এনআরসি কমিটি গঠন করা সম্ভব হবে। আপাতত একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হবে। বাকি দুই পর্ষদ সদস্য নিয়োগের পর সবার মতামতের ভিত্তিতে ডিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।’

বেশকিছু শর্তসাপেক্ষে ডিএসইর নতুন চার পর্ষদ সদস্যের নিয়োগ অনুমোদন করেছে বিএসইসি। শর্তগুলো হচ্ছে ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা-২০১৩ অনুসারে পর্ষদ সদস্যদের জন্য নির্ধারিত আচরণবিধি নিশ্চিত করে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। একই বিধিমালা অনুসারে তাদের নৈতিকতা মেনে চলতে হবে। পর্ষদ সদস্যরা কোনোভাবেই এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না এবং একই সঙ্গে তাদের কার্যক্রমের মাধ্যমে ডিমিউচুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্‌করণ) মূলনীতির প্রতি সম্মান দেখাতে হবে। গতকাল থেকে তিন বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে।

এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে ডিএসইর পর্ষদের মোট সদস্য সংখ্যা হবে ১৩। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক, পাঁচজন শেয়ারধারী পরিচালক (কৌশলগত বিনিয়োগকারীর প্রতিনিধিসহ) এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালক সদস্য হবেন। একজন স্বতন্ত্র পরিচালক তিন বছর মেয়াদের জন্য নিয়োগ পান এবং মেয়াদ শেষে আরো একবার নিয়োগের সুযোগ পাবেন। অন্যদিকে শেয়ারধারী পরিচালকরা টানা দুই মেয়াদের বেশি নিয়োগের জন্য যোগ্য হবেন না এবং এক বছর বিরতি দিয়ে আবারো পরিচালক পদে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

ডিএসইর সদ্য সাবেক পর্ষদের মেয়াদ শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। এর আগে এক্সচেঞ্জটির এনআরসির পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক পদের জন্য ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। এর মধ্য থেকে গতকাল চারজনের নিয়োগ অনুমোদন করেছে বিএসইসি। প্রস্তাবিত নামগুলোর মধ্যে ডিএসইর সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সদ্য সাবেক পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব সালমা নাসরীন, সদ্য সাবেক পরিচালক ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুনতাকিন আশরাফ এবং সদ্য সাবেক পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম মাসুদের নামও ছিল। এছাড়া এ তালিকায় আরো ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ফ্যাকাল্টি ও বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহিদুল আলম, বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ-উজ-জামান খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও টোকা ইনক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোমেন, বাংলাভিশনের বার্তা সম্পাদক শাহনাজ শারমিন রিনভী, আইনি পরামর্শক ও সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের পার্টনার নাজিয়া কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, ডিএসইর সাবেক পরিচালক ও এম/এস. জেনেটিকার চেয়ারম্যান ড. মনোয়ারা হাকিম আলী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শায়লা ফেরদৌস।