নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০২৩ সালে
নিজেদের অর্জন তুলে ধরেছে হুয়াওয়ে সাউথ এশিয়া। এসময় দেশে ৭২টিরও বেশি সোলার রুফটপ প্রকল্প
বাস্তবায়ন করেছে কোম্পানিটি।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত হুয়াওয়ে
সোলার অ্যানুয়াল সিরিমনি ২০২৩ শীর্ষক এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরা হয়। কোম্পানির
৬২টিরও বেশি পার্টনার কোম্পানির প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ
নেন।
জাতীয় গ্রিডে সংযোজনের জন্য একটি ১০০
মেগাওয়াট সম্পন্ন ইউটিলিটি ও মনপুরা উপজেলায় ২২ মেগাওয়াট আওয়ার ইএসএস সক্ষমতা সম্পন্ন
বৃহত্তম ও প্রথম মাইক্রো গ্রিড প্রকল্পও বাস্তবায়ন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সব
মিলিয়ে ২০২৩ সালে হুয়াওয়ে ফিউশন সোলার ইনভার্টার ব্যবহার করে মোট ১৩২ মেগাওয়াট সক্ষমতার
সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানা গেছে।
হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার
বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, ‘২০৪১ সালের মধ্যে
নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করার যে লক্ষ্য নির্ধারণ করা
হয়েছে তা অর্জন করতে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করছে হুয়াওয়ে। এ লক্ষ্য অর্জনে দক্ষিণ
এশিয়ায় অত্যাধুনিক প্রযুক্তি, সমাধান ও পণ্য সরবরাহ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।’
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট
অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) কোম্পানি ক্যাটাগরিতে পার্টনার প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি
দিয়েছে হুয়াওয়ে। প্রকল্প সক্ষমতার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করায় এ পুরস্কার
অর্জন করেছে হুয়াওয়ের শীর্ষ ১৮টি ইপিসি পার্টনার প্রতিষ্ঠান। হুয়াওয়ে সলিউশনসের মাধ্যমে
সোলার মার্কেটে উল্লেখযোগ্য অবদান রাখায় ১০টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া
অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অবদান রাখায় দুটি ডিস্ট্রিবিউটর
অ্যাওয়ার্ডও দেয়া হয়।









