পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় বিক্রি সামান্য বাড়লেও নিট মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে। আলোচ্য বছরে ব্যবসায়িক কৌশল পুর্ণমূল্যায়নের কারণে কোম্পানিটির বিক্রি কিছুটা বাড়লেও তা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ সময়ে গ্যাস সংকট ও কাঁচামালের দাম বাড়াসহ বিভিন্ন ব্যয়বৃদ্ধির চাপে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ৩৫ শতাংশ।
সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে আরএকে সিরামিকসের মোট বিক্রি হয়েছে ৭৪৫ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ৬৮৫ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৬০ কোটি ২৩ লাখ টাকা বা ৮ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা, যেখানে আগের বছর এ মুনাফা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ কমেছে ২৩ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৪ দশমিক ৭৮ শতাংশ।
সর্বশেষ হিসাব বছরে মুনাফায় ভাটা হওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ২০২২ সালের আগস্টের মধ্যভাগ থেকে গ্যস সরবারহ বিঘ্ন হওয়ায় কোম্পানিটির উৎপাদন ব্যহাত হয়েছে। এমনকি মাঝে মধ্যে গ্যাস পুরোপুরি না থাকায় তাদের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি আলোচ্য বছরে গ্যাসের দামও বেড়েছে। এর বাইরে বৈশ্বিক মুদ্রাবাজারে অস্থিরতা ও আমদাননীকৃত কাঁচামালের মূল্যবৃদ্ধি কোম্পানির উৎপাদন ব্যয় বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়া আলোচ্য বছরে জাহাজীকরণ ব্যয়ও বেড়েছে। এসব কারণে সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে।









