কর্মীদের সপ্তাহে দুইদিন অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছে উবার। বিশ্বব্যাপী কোম্পানিগুলো যখন কর্ম পরিবেশের হাইব্রিড মডেলের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, তখন এ ঘোষণা এল। খবর রয়টার্স৷
গতকাল মঙ্গলবার নতুন উবার এ নির্দেশনা দিয়েছে। সেখানে মঙ্গলবার ও বৃহস্পতিবারকে ‘অ্যাঙ্কর ডে’ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা অনুসারে, সমস্ত ‘নন-রিমোট’ কর্মচারীদের অবশ্যই এই দুইদিন অফিসে আসতে হবে। ১ নভেম্বর থেকে বিশ্বব্যাপী এ কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হবে।
অ্যাপ ভিত্তিক পরিষেবা সংস্থাটি আরো জানায়, কর্মীরা বছরে চার সপ্তাহ পর্যন্ত যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে। এর আগে গত জুলাইয়ে উবার বলেছিল, কর্মীরা বছরের অর্ধেক সময় যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে।
কভিড-১৯ মহামারীর শুরুতে টুইটার, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো কাজের ক্ষেত্রে নমনীয় নীতি বেছে নিয়েছিল। যা এখনো অনেকগুলো প্রতিষ্ঠানে বিদ্যমান রয়েছে।
গত মার্চে আরেক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পিয়ার লিফট কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নমনীয় হওয়ার নীতি গ্রহণ করে। কর্মীদের বাড়ি বা অফিস পছন্দনীয় স্থান থেকে কাজের অনুমতি দেয়া হয়।










