আবারো বিদ্যুচ্চালিত এফ-১৫০ লাইটনিং পিকআপ ট্রাকের দাম বাড়াল ফোর্ড মোটর। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এ ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

সিএনবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ পদক্ষেপের কারণে সবচেয়ে কম দামি এফ-১৫০ লাইটনিং প্রোর নতুন মূল্য হবে ৫৫ হাজার ৯৭৪ ডলার। এ দাম আগের চেয়ে ৮ শতাংশ বা ৪ হাজার ডলার এবং ২০২১ সালের মে মাসে উন্মোচনের দামের চেয়ে ৪০ শতাংশ বেশি।

একটি ই-মেইল বিবৃতিতে ফোর্ডের একজন মুখপাত্র বলেন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, বাজার পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থায় চলমান সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ের স্বাভাবিক প্রবণতা হিসেবে গাড়ির দাম সামঞ্জস্য করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে পিকআপটির উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছিল সংস্থাটি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি মিশিগান কারখানায় তৃতীয় উৎপাদন শিফট চালু করেছে।