নভেল করোনাভাইরাসের কারণে কয়েক সপ্তাহ ধরে কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে টানা দরপতন বজায় ছিল। তবে সর্বশেষ সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে কৃষিপণ্যের সাপ্তাহিক বাজার। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) এ সময় গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের তুলনায় বেড়েছে। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ৫৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৫ সেন্ট বেশি। একইভাবে ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে বুশেলে ২ দশমিক ২৫ সেন্ট। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৮৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৫৯ শতাংশ বেশি।

এদিকে সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে সয়াবিনের গড় দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৯ শতাংশ। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৮২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৯ দশমিক ৫ সেন্ট বেশি।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ৩০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রফতানি আগের সপ্তাহের তুলনায় ৭৬ শতাংশ বেড়েছে। এ সময় বাড়তির দিকে ভুট্টা ও গমের রফতানিও। এ তথ্য প্রকাশের পর কৃষিপণ্যের সাপ্তাহিক বাজার চাঙ্গা হয়ে উঠেছে।