মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য ন্যুভো লিওনের মন্টেরে এলাকাটি বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত। এ এলাকায় অবস্থিত মন্টেরে ইন্টারন্যাশনাল বিমানবন্দর সংস্কারকাজে ৮২ কোটি ডলার বিনিয়োগ করবে ফ্রান্সের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ভিঞ্চি। রাজ্যটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
এর আগে চলতি মাসের শুরুতে মেক্সিকান বিমানবন্দর প্রশাসকের কাছ থেকে বিমানবন্দরটির প্রায় ৩০ শতাংশ শেয়ার ক্রয় করে ভিঞ্চি। এ কারণেই ফ্রান্সের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থাটি মেক্সিকোর বিমানবন্দরটির উন্নয়নকাজে বিনিয়োগ করতে চাইছে।
সম্প্রতি ভিঞ্চির প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগের বিষয়ে অনুষ্ঠিত বৈঠকটির একটি ভিডিও রাজ্যটির গভর্নর স্যামুয়েল গার্সিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। এর পরই বিষয়টি সামনে এসেছে। যদিও এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য করেননি তিনি।
গভর্নরের প্রকাশিত ভিডিও বার্তায় এক প্রেজেন্টেশনে বলা হয়, ভিঞ্চি প্রতিনিধি দল মন্টেরে আন্তর্জাতিক বিমানবন্দর প্রদর্শন করেছেন। বিমানবন্দরটি মেক্সিকো সিটি বিমানবন্দরের বিকল্প সর্বোত্তম ও সর্বোচ্চ সম্ভাবনাময় জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে।










