বিশ্ববিখ্যাত বৃহৎ চেইনশপ ‘ওয়ালমার্ট’ বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। গতকাল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এ কথা জানান। এ সময় তিনি বলেন, ‘নভেল করোনাভাইরাস মহামারীকালীন বাংলাদেশে প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ কিছুটা কমলেও অচিরেই তা বাড়বে। কিছু নতুন পণ্য এর সঙ্গে যোগ হবে।’
এ সময় এনড্রিয়া অলব্রাইটের সঙ্গে ছিলেন ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডিপ্লোম্যাসির ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে সামগ্রিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হয়েছে।’
তিনি তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিকস, কৃষিজাত পণ্য, প্যাকেটজাত মসলা, পাটজাত পণ্য ও ম্যানমেইড ফাইবারকেন্দ্রিক পোশাক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানান।
সালমান এফ রহমান বলেন, ‘দেশের সব শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কমপ্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতাপ্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে।’










