চীনে ২০২৫ সালে কয়লার ব্যবহার সর্বোচ্চে ওঠার পূর্বাভাস দিয়েছে দেশটির পেট্রোকেমিক্যাল করপোরেশন (সিনোপেক)। এ সময় চীনে কয়লা ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ৪৩৭ কোটি টনে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর হেলেনিক শিপিং নিউজ।

সিনোপেকের পূর্বাভাসে বলা হয়েছে, সৌর ও বায়ুশক্তি থেকে ৩০০ কোটি টন কয়লার সমপরিমাণ শক্তি উৎপাদন করতে চীনের ২০৪৫ সাল পর্যন্ত সময় লাগবে। আর ২০৬০ সাল নাগাদ চীন পুরোপুরি কয়লা জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কাটিয়ে উঠতে পারে।

অন্যদিকে ২০২৬-৩০ সালের মধ্যে দেশটিতে জ্বালানি তেলের ব্যবহার সর্বোচ্চে উঠতে পারে। এ সময় চীনে রেকর্ড ৮০ কোটি টন বা দৈনিক ১ কোটি ৬০ লাখ ব্যারেল জ্বালানি তেল ব্যবহার হতে পারে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী চীন। চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশনের প্রত্যাশা অনুযায়ী, চলতি বছর দেশটি দৈনিক ১ কোটি ৫২ লাখ ব্যারেল বা বছরে মোট ৭৬ কোটি টন জ্বালানি তেল ব্যবহার করেছে।

সিনোপেকের জরিপ মতে, ২০৪০ সাল নাগাদ চীনে মোট জ্বালানির ১৩ শতাংশ হবে প্রাকৃতিক গ্যাস। সে সময় বছরে ৬১০ কোটি কিউবিক মিটার গ্যাস ব্যবহার করবে দেশটি। আর ২০২৫ সালে জ্বালানি হিসেবে গ্যাসের অবদান দাঁড়াতে পারে ৯ শতাংশে। এ সময় ৪২৫ কোটি কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করবে চীন।