বিশ্বখ্যাত বৃহৎ চেইনশপ ‘ওয়ালমার্ট’ বাংলাদেশের সাথে আরও ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে। সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে তার গুলশানস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এ কথা জানান। এ সময় ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডিপ্লোমেসির ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে সামগ্রিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হয়েছে। সালমান এফ রহমান তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিকস, কৃষিজাত পণ্য, প্যাকেটজাত মসলা, পাটজাত পণ্য ও মনুষ্যসৃষ্ট ফাইবার কেন্দ্রিক পোশাক অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানালে তারা এ ব্যাপারে একত্রে কাজ করার এবং বাংলাদেশে তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। 

মতবিনিময় সভায় সালমান এফ রহমান জানান, দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। 

বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে এবং অন্য পণ্যের ক্ষেত্রেও সে সুনাম বজায় থাকবে বলে ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট প্রত্যাশা ব্যক্ত করেন। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবৎ এ দেশের পোশাক আমদানির সঙ্গে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও অচিরেই তা বৃদ্ধি পাবে এবং কিছু নতুন পণ্য এর সঙ্গে যোগ হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।