সৌদি আরবে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে পর্যটকের সংখ্যা বছরওয়ারি ৫৭৫ শতাংশ বেড়েছে। খবর আরব নিউজ।

সম্প্রতি দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় জানিয়েছে, জুনে শেষ হওয়া তিন মাসে প্রায় ৩৬ লাখ পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন। একই সময়ে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ৪২ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ কোটি ১৪ লাখে উন্নীত হয়েছে।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বিদেশী পর্যটকের ব্যয় ৫৭০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭০ কোটি সৌদি রিয়ালে (৪১৮ কোটি ডলার) উন্নীত হয়েছে। যেখানে একই সময়ে অভ্যন্তরীণ পর্যটকের ব্যয় ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ২৭০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে।

জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্য করার কৌশল হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে পর্যটন খাত নিয়ে উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে আরব দেশটি। চলতি দশকের শেষ নাগাদ বার্ষিক ১০ কোটি পর্যটক আকর্ষণ করতে চায় সৌদি। পাশাপাশি অর্থনীতিতে এ খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য দেশটির।