আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কয়েক দিন বাড়তির দিকে ছিল। গতকাল জ্বালানি পণ্যটির বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে দিন শেষে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় কমলেও অপরিবর্তিত ছিল ব্রেন্ট ক্রুডের দাম। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় দশমিক শূন্য ২ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪২ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ সেন্ট কম। একইভাবে দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৪৪ ডলার ৮০ সেন্ট। আগের দিনও জ্বালানি পণ্যটি একই দামে বিক্রি হয়েছে।

হঠাৎ করে ডব্লিউটিআইয়ের দাম কমে যাওয়ার পেছনে চাহিদা ও সরবরাহে ভারসাম্যহীনতাকে চিহ্নিত করা হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ওপেক প্লাস জোটের দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির শর্ত মানলেও সম্মিলিত উত্তোলন আগের তুলনায় বাড়িয়েছে। অন্যদিকে করোনা মহামারীর কারণে চলতি বছর জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদায় বড় পতনের সম্ভাবনার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। এ দুইয়ের জের ধরে গতকাল আন্তর্জাতিক বাজারে ডাব্লউটিআইয়ের দাম হুট করে কমে গেছে।