আনুষ্ঠানিকভাবে চেঞ্জ হেলথকেয়ার অধিগ্রহণ সম্পন্ন করল ইউনাইটেড হেলথ গ্রুপ। ৮০০ কোটি ডলার বিনিময়ে এ চুক্তি করেছে মার্কিন স্বাস্থ্যসেবা ও বীমা প্রতিষ্ঠানটি। যদিও এর আগে ফেডারেল নিয়ন্ত্রক এ অধিগ্রহণ বন্ধের জন্য উচ্চ আদালতে মামলা করেছিল। সেই আবেদন আদালত কর্তৃক খারিজের পর চুক্তি সম্পন্ন করল ইউনাইটেড। খবর এপি।

ইউনাইটেড হেলথ গ্রুপ জানায়, অধিগ্রহণের পর প্রযুক্তি প্রতিষ্ঠান চেঞ্জ হেলথকেয়ায়কে অপটাম সেগমেন্টের সঙ্গে একীভূত করা হচ্ছে। এর মাধ্যমে পরিষেবা ও বিল প্রদানকারীদের জন্য ক্লিনিক্যাল, প্রশাসনিক ও অর্থ প্রদান প্রক্রিয়া সহজ হবে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের বিচার বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারিতে অধিগ্রহণটি বন্ধের জন্য মামলা করেছিল। ওই সময়ে ফেডারেল নিয়ন্ত্রকরা বন্ধের কারণে হিসেবে বলেছিল, অধিগ্রহণের মাধ্যমে একটি প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা সম্পর্কিত অধিক তথ্য গ্রহণ করবে। তবে গত মাসে একটি আদেশ জারির মাধ্যমে মামলাটি খারিজ করেন যুক্তরাষ্ট্রের জেলা বিচারক কার্ল নিকোলস।