চীন জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা দেশ। প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পর দেশটির কৃষি, শিল্প ও পরিবহন খাতে ব্যবহার হয়। বিদায়ী বছর চীনের পরিশোধন কেন্দ্রগুলোর কার্যক্রমে চাঙ্গা ভাব বজায় ছিল। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চীনে জ্বালানি তেল পরিশোধন আগের বছরের তুলনায় সাড়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।

চীনের রাজস্ব বিভাগ জানিয়েছে, ২০১৯ সালে দেশটির পরিশোধন কেন্দ্রগুলোয় সব মিলিয়ে ৩৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি।

তবে ২০১৮ সালের তুলনায় গত বছর চীনের জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রগুলোয় কার্যক্রমে প্রবৃদ্ধির গতি কমে এসেছে। ২০১৮ সালে দেশটিতে জ্বালানি তেল পরিশোধন আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।

এদিকে বিদায়ী বছর চীনে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ ব্যবহার আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে বিদায়ী বছর দেশটিতে গ্যাসোলিনের ব্যবহার বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। এর বিপরীতে ডিজেলের অভ্যন্তরীণ ব্যবহার দশমিক ৫ শতাংশ কমেছে। ছবিটি চীনা জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সিনোপেকের একটি পরিশোধন কেন্দ্র থেকে তোলা।        তথ্য ও ছবি: সিনহুয়া