আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত চিনির দাম। শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে অতিবৃষ্টিতে আখ সংগ্রহ ব্যাহত হওয়ায় ভোগ্যপণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। তবে অ্যারাবিকা কফির দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

৮ ডিসেম্বর আইসিই ফিউচারস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনির দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ১৯ ডলার ৪১ সেন্টে।

ব্রাজিলের দক্ষিণ-মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়। কিন্তু সম্প্রতি ভারি বৃষ্টিপাতে চাষীরা আখ সংগ্রহ করতে পারেননি। এসব আখ আগামী বছরের শুরুতে সংগ্রহ করা হবে। এ কারণে আখ মাড়াইও বন্ধ।

তবে এবার দেশটিতে আখ থেকে জৈব জ্বালানি উৎপাদনের প্রবণতা কম। কারণ ব্রাজিলে গ্যাসোলিনের দাম নিম্নমুখী। ফলে আখ থেকে চিনি উৎপাদনেই আগ্রহ বেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর।

গত বছর থেকেই ব্রাজিল চিনি উৎপাদনে প্রতিবন্ধকতার মুখে পড়ে। ভয়াবহ খরা ও তুষারপাতে দেশটিতে আখ উৎপাদন তলানিতে নেমে আসে। ফলে বিশ্ববাজারে চিনির দাম রেকর্ড সর্বোচ্চে আরোহণ করে। এ বছর ভারত, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো উৎপাদন বাড়ানোয় বাজার কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছে।