জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ওমানের। ২০২২ সালের প্রথম ১০ মাসে জ্বালানি তেল বিক্রির ওপর ভর করে ওমানের ১২০ কোটি রিয়াল বা ৩১১ কোটি ডলারের বেশি বাজেট উদ্বৃত্ত হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে ১০০ কোটি রিয়াল বাজেট ঘাটতিতে পড়েছিল উপসাগরীয় দেশটি।
ওমানের অর্থ মন্ত্রণালর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরে দেশটির রাজস্ব আয় ৪২ শতাংশেরও বেশি বেড়ে প্রায় ১ হাজার ১৮৬ কোটি রিয়াল হয়েছে। যেখানে ২০২১ সালে মোট রাজস্ব আয় ছিল ৮৩৩ কোটি রিয়াল। এদিকে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির মোট সরকারি ব্যয় ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫ কোটি রিয়াল বা ২ হাজার ৭৬৬ কোটি ডলার হয়েছে।
চলতি বছরের অক্টোবরের শেষের দিকে ওমানের জ্বালানি খাত থেকে রাজস্ব আয় হয়েছে ৯২৪ কোটি রিয়াল, যা ২০২১ সালের একই সময়ের ৬১৪ কোটি রিয়ালের তুলনায় অর্ধেকেরও বেশি।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের গড় মূল্য ব্যারেলপ্রতি ৯৫ ডলার বৃদ্ধি পাওয়ায় অপরিশোধিত তেলের উত্তোলন বেড়ে প্রতিদিন ১০ লাখ ৫৬ হাজার ব্যারেলে পৌঁছেছে।
দেশটিতে ২০২২ সালের প্রথম ১০ মাসে জ্বালানি তেল বিক্রি থেকে রাজস্ব আয় প্রায় ৪০ শতাংশ বেড়ে ৬১৯ কোটি রিয়াল হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলনে ২০২২ ও ২০২৩ সালে ওমানের প্রকৃত জিডিপি হবে যথাক্রমে ৪ দশমিক ৪ ও ৪ দশমিক ১ শতাংশ।










