এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কর্মকর্তাদের সর্বদা আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করে দায়িত্ব পালন করতে হয়। এ ক্ষেত্রে করপোরেট সুশাসন ও সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখা আবশ্যক। ব্যাংক খাতে টেকসই উন্নয়নের জন্য সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই।’ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে পরিবর্তনশীল আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান। —বিজ্ঞপ্তি