সুয়েজ খাল দিয়ে যাওয়া জ্বালানি তেল বোঝাই ট্যাংকারসহ পণ্য পরিবহন করা জাহাজের টোল বাড়ানোর ঘোষণা দিয়েছে মিসর। আগামী বছরের শুরু থেকে টোল বাড়ানো হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সুয়েজ খাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য বহনকারী ট্যাংকারের ১৫ শতাংশ এবং ড্রাই বাল্ক ক্যারিয়ার (মোড়কজাত নয় এমন পণ্য পরিবাহী জাহাজ) ও ক্রুজ জাহাজের ১০ শতাংশ টোল বাড়ানো হবে। খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি বলেন, অতিরিক্ত এ টোলহার আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তিনি বলেন, বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। মূল্যস্ফীতির কারণে খালের কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও সামুদ্রিক পরিষেবার ব্যয় অনেক বেড়ে গিয়েছে। এজন্য টোলহার বৃদ্ধিকে অনিবার্য ও প্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সুয়েজ খাল দিয়ে বিশ্বের ৭ শতাংশ জ্বালানি তেলসহ বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশ সম্পন্ন হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ মিসরের বৈদেশিক মুদ্রার প্রধান একটি উৎস। এপি