পূর্ব এশিয়ার খনিজ সমৃদ্ধ দেশ মঙ্গোলিয়া। কয়লা উত্তোলন ও রফতানির জন্য দেশটি বিশেষভাবে পরিচিত। দেশটির প্রধান রফতানি পণ্য কয়লা। বিদায়ী বছর মঙ্গোলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় সামান্য কমেছে। মঙ্গোলিয়ান কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের (এমসিজিএ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমসিজিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে মঙ্গোলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৬৫ লাখ টন কয়লা রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই জ্বালানি পণ্যটির সর্বোচ্চ রফতানির রেকর্ড। গত বছর দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি সামান্য কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৬৪ লাখ টনে। সে হিসাবে এক বছরের ব্যবধানে মঙ্গোলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে কয়লা রফতানি কমেছে এক লাখ টন।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় মঙ্গোলিয়ার অবস্থান ১৯। তবে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের তালিকায় দেশটি এগিয়ে। মঙ্গোলিয়া বিশ্বের অষ্টম শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ২ দশমিক ২ শতাংশ মঙ্গোলিয়া এককভাবে জোগান দেয়।
আগামী দিনগুলোয় কয়লা রফতানি আরো বাড়াতে আগ্রহী মঙ্গোলিয়া। এজন্য জ্বালানি পণ্যটির বার্ষিক রফতানি লক্ষ্য চার কোটি টনে উন্নীত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দেশটি। এ অগ্রযাত্রায় বিদায়ী বছরে বাধা পেয়েছে মঙ্গোলিয়া। মন্দা ভাব কাটিয়ে চলতি বছর মঙ্গোলিয়ার রফতানিকারকরা নতুন করে কয়লা রফতানি বাড়ানোর চেষ্টা করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।








