সম্প্রতি ১ হাজার ৫০০টি ফ্লাইট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। অধিকাংশ স্থগিতকৃত ফ্লাইটই এ মাসের জন্য প্রযোজ্য। প্রায় ১০ হাজার যাত্রীর ওপর বাতিল করা ফ্লাইটের প্রভাব পড়বে। খবর বিবিসি।
কভিডের অভিঘাত কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে উড়োজাহাজ পরিবহন শিল্প খাত। গ্রীষ্মকালীন মৌসুম উপলক্ষ করে ভ্রমণে আগ্রহীও হয়েছেন পর্যটকরা। এমন সময় যাত্রী চাহিদা সত্ত্বেও কর্ম সংকট দেখা দিয়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে ১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
এরই মধ্যে চলতি বছরের এপ্রিল ও অক্টোবরের মধ্যে ১০ শতাংশ নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুঃখজনকভাবে আরো ফ্লাইট বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাটির এক মুখপাত্র জানান, ইতিহাসের সব থেকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন উড়োজাহাজ পরিবহন শিল্প খাত। এরই ধারাবাহিকতায় ফ্লাইট বাতিল করা হচ্ছে। ভবিষ্যতে আরো কয়েকটি ফ্লাইট বাতিল হতে পারে।








