সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। 

প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে রবি আজিয়াটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৫ এপ্রিল বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৩ মার্চ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা। এর মধ্যে ২ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩৩ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। 

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।