পনির উৎপাদনকারী ও রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত বছর দেশটি থেকে দুগ্ধপণ্যটির রফতানিতে প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি।
ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ লাখ ৫৫ হাজার টন পনির রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বেশি। এর আগের বছর দেশটি থেকে দুগ্ধপণ্যটির রফতানি ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৩ লাখ ৪৯ হাজার টনে উন্নীত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০১৪ সালে সবচেয়ে বেশি পনির রফতানির রেকর্ড হয়েছিল। ওই বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে
৩ লাখ ৬৮ হাজার টন পনির রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৪৬ শতাংশ বেশি।
চলতি বছরও যুক্তরাষ্ট্রের পনির রফতানি খাতে প্রবৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। এ সময় দেশটি থেকে সব মিলিয়ে ৩ লাখ ৬৫ হাজার টন পনির রফতানি হতে পারে।
এদিকে গত বছর যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫৯ লাখ ৫০ হাজার টন পনির উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৭১ শতাংশ বেশি। ২০১৯ সালে দেশটিতে ৫৯ লাখ ৮ হাজার টন পনির উৎপাদন হয়েছিল। চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রে আরো ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬১ লাখ টন পনির উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।










